
নয়ন তারা
Noyan Tara
উদ্ভিদের নাম : নয়নতারা Noyan Tara
স্থানীয় নাম :নয়নতারা, গুলফেরিংঘী, কটকতারা
ভেষজ নাম : Catharanthus roseus G.Don,
ফ্যামিলি: Apocynaceae.
ব্যবহার্য অংশ : মূল সমেত সমগ্র গাছ
রোপণের সময় : এটি সাধারনতঃ বর্ষজীবী, তবে অনেক বছর বেঁচে থাকতেও দেখা যায়।
উত্তোলনের সময় : সারা বছরই ফুল ফোটে। ফলও সারা বছর ধরে হয় এবং পাকে।
আবাদি/অনাবাদী/বনজ : অনেকেই বাগানের বেড়া হিসেবে এর গাছ রোপণ করেন।
চাষের ধরণ : এটি সাধারনতঃ বাগানে জন্মে এবং বীজ অথবা কাটিং থেকে গাছ তৈরি করা যায়, মাঝে মাঝে গাছ কেটে না রাখলে ডাল শক্ত হয়ে যায়, ভাল ফুল ফোটে না এবং তাড়াতাড়ি মরে যায়।
উদ্ভিদের ধরণ: সাধারনতঃ ২/৩ ফুট লম্বা হয়। পত্র বিপরীত, মসৃণ, আয়তাকার, অনেকটা ডিম্বাকৃতি। এটি একটি বিষাক্ত গাছ।
পরিচিতি: নয়নতারা ভেষজটি উপমহাদেশের সমতলভূমির প্রায় সর্বত্র পাওয়া যায়। পাঁচটি পাপড়ি বিশিষ্ট এবং তিন প্রকার রঙ্গের দেখা যায়। একটি গোলাপি, হালকা গোলাপি, অন্যটি সাদা । ফল দেখতে অনেকটাই সর্ষের শুঁটির মত, বেঁটে, একটু মোটা এবং বেলুনাকার। শুঁটিতে অনেক বীজ থাকে। নয়ন তারা গাছে ভাইরাস ঘটিত রোগও হয়ে থাকে। প্রথমে সাবধানতা অবলম্বন না করলে পর পর গাছগুলি আক্রান্ত হয়ে মারা যায়। সমগ্র গাছটি তিক্ত স্বাদের জন্য সাধারনতঃ গরু-ছাগলে খায় না। তবে গরু যে একেবারে খায় না, তা নয়। কোথাও কোথাও গরু কমবেশি এই গাছটি খায়। গাছটি কিন্তু গরু-ছাগলের পক্ষে বিষাক্ত। বেশী খেলেই বিপদ। বর্তমানে নয়নতারাকে নিয়ে দেশে-বিদেশে ব্যাপক গবেষণা চলছে।
উপকারী অংশ: নয়নতারা ফুলের গাছে ৬০ টিরও বেশি উপ ক্ষার রয়েছে।এর মধ্যে ভিন ক্রিস্টিন ও ভিনব্লাস্টিন লিউকেমিয়া রোগের ওষুধ হিসাবে ব্যবহার করা হয়। দুইটি secoiridoial glucosides,ursolic acid, oleanolic acid আছে।
ক্বাথ তৈরির নিয়ম: নয়নতারার একটি গাছ ও শুকনো মুলের ১ গ্রাম,কাঁচা হলুদ ২ গ্রাম থেঁতলে এক কাপ পানিতে সিদ্ধ করে ক্বাথ করে নিয়ে এক চতুর্থাংশ সিদ্ধ ক্বাথ
ঔষধি গুনাগুণ : ঔষধার্থে ব্যবহার্য অংশ:- পত্র, গাছ ও মূল।
- ক্রিমি রোগে:- নয়নতারার সমগ্র গাছ সিদ্ধ করে সেই ক্বাথটা যোগগুলির সর্বশেষে লিখিত ব্যবহার বিধি অনুযায়ী ৫/৬দিন সেবন করলে ক্রিমির উপদ্রবটা কমে গিয়ে অন্যান্য উপসর্গগুলিও উল্লেখযোগ্য ভাবে কমতে থাকবে। তাপর আরও ৮/১০দিন ঐ ভাবে খেলে এর হাত থেকে রেহাই পাওয়া যেতে পারে।
- মেধাহ্রাসেঃ-কথাটা সরল হলেও সহজবোধ্য নয়, চলতি কথায় যদি বলা যায় “ব্রেন টনিক” খাওয়া দরকার কারণ, এ প্রায়ই ভুলে যায়, সামান্য চিন্তাতেই মাথা ধরে, ঝিমিয়ে পড়ে, এমনি ধরনের কিন্তু মেধার তো একটা কাজ নয়, এর কাজ অনন্তও নয়, মাত্র তিনটি, গ্রহণ শক্তি, ধারণ শক্তি এবং সঞ্চালন শক্তি। এ তিনটি শক্তিই তো এককালে সবার থাকতে পারে না।যেক্ষেত্রে দেখা যায় মেধার গ্রহণ শক্তি ও সঞ্চালন শক্তি ঠিক আছে, কিন্তু ধারণ শক্তি ক্রমশ কমছে, সেক্ষেত্রে খুব দ্রুত ফল পাওয়া যায় এই নয়নতারা ভেষজটি ব্যবহার করলে। মাস খানেক নিয়মিত খাওয়া দরকার।
- লিউকেমিয়া (Leukemia) রোগে:- এটি একটি অসাধ্যের পর্যায়ভুক্ত রোগ। আয়ুর্বেদের চিন্তাধারায় এটি রক্তবহা স্রোতের ব্যাধি। এই ক্ষেত্রে নয়নতারা ভেষজটির ব্যবহার রোগটিকে প্রতিহত করতে সাহায্য করে।
- মধুমেহ (Diabetes Mellitus) রোগে:-রক্তপরীক্ষায় দেখা যায় রক্তে চিনির (Sugar) এর ভাগ বেশী থাকে। এই ক্ষেত্রে নয়নতারা ভেষজটির ক্বাথ খেলে রক্তে চিনির পরিমাণ দ্রুত কমতে থাকে। ৮/১০ দিন ব্যবহারের পর পুনরায় রক্ত পরীক্ষা করিয়ে নিয়ে তাপর অবস্থা বিচার করে এটিকে ব্যবহার করা দরকার। ঐ সঙ্গে ঘন ঘন ছোট ইস্তিঞ্জা হওয়া এবং অন্যান্য উপসর্গগুলিও ধীরে ধীরে কমে যায়।
- রক্ত প্রদরেঃ- প্রতিমাসের মেয়েদের মাজুরতা(ঋতুস্রাব) বিকাশের দিন এবং অবস্থান যখন অনিয়মিত হয় এবং মাজুরতার দিন সংখ্যাও বাড়তে থাকে, অথবা যাঁদের মাসে একাধিক বার মাজুরতা দেখা দেয়, স্রাবটাও বেশী নির্গত হয়, অথচ বিশেষ কোন শারীরিক কারণ খুঁজে পাওয়া যায় না, শরীরে অন্যান্য কোন অসুবিধা থাকে না, আহার-নিদ্রা-স্বাস্থ্য স্বাভাবিক এই যে, ক্ষেত্র, এখানে নয়নতারার ব্যবহার মাস খানিক করার পর আরও একমাস ঔষধ বন্ধ করে অবস্থাটা লক্ষ্য রাখতে হয়। প্রয়োজন না হলে আর খাওয়ার দরকার নেই, উপকার না পেলে চিকিৎসকের পরামর্শ ব্যতিরেকে ব্যবহার করা উচিত নয়।
- রক্তচাপ বৃদ্ধিতে (Hypertension/High Blood Pressure) নয়নতারার ক্বাথ সেবনে রক্তের চাপ হ্রাস পায়। ৮/১০ দিন ব্যবহারের পর রক্তচাপ মেপে দেখা উচিত। রক্তচাপের হ্রাসের অবস্থা অনুযায়ী ভেষজটির ব্যবহারের সময় ও মাত্রা ঠিক করা দরকার। আর সেজন্য কোন চিকিৎসকের পরামর্শ গ্রহণ বিধেয়। উচ্চ রক্তচাপে ক্বাথ সকাল ও বিকাল দু’বেলা ৮/১০ দিন খেলে রক্ত চাপ কমে। উচ্চ রক্তচাপ রোগে সাত দিন নয়নতারার পাতা খেলে রক্তচাপ কমে। এক্ষেত্রে প্রথম দিন ১ কাপ গরম পানিতে ১টি, দ্বিতীয় দিন এক কাপ পানিতে ২টি, তৃতীয় দিন ৩টি, চতুর্থ দিন ৪টি, পঞ্চম দিন ৫টি, সপ্তম দিন ৭টি পাতা দিয়ে গরম পানি খেতে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে আসে।
- সন্ধিবাত:- গাঁটে গাঁটে যন্ত্রণা, তাতে ফোলা বা প্রদাহ কিছুই নাই, এই যে ক্ষেত্র, এক্ষেত্রে কাঁচা বা শুকনো নয়নতারার (সমগ্র গাছ) ক্বাথ তিল তেলের সঙ্গে পাক করে ব্যবহার করলে যন্ত্রণার উপশম হয়। বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া তেলটি তৈরি না করাই ভাল।
- বোলতা প্রভৃতির হুলের জ্বালায়/কীট দংশনে:- বোলতা, ভীমরুল, মৌমাছি, ভোমরা, পিঁপড়ে, কাঠপিঁপড়ে প্রভৃতির হুলের জ্বালায় ও কামড়ে যন্ত্রণার হাত থেকে আশু উপকার পেতে হলে নয়নতারার পাতা থেঁতো করে সেই রসটা লাগাতে হবে। পাতার বাটা লাগালেও চলবে।
বিশেষ সতর্কতা:-উপরিউক্ত যোগগুলি ব্যবহারের পূর্বে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা সমীচীন।

EmoticonEmoticon